ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

ছাত্র অধিকারের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৬, ১ জানুয়ারি ২০২৩
ছাত্র অধিকারের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিবেদন ৫ ফেব্রুয়ারি
ফাইল ফটো

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৭ অক্টোবর আসামিরা কাউকে কিছু না জানিয়ে পূর্বপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে অস্থিতিশীল করার মাধ্যমে নৈরাজ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দেন। তারা সরকার বিরোধী কুরুচিকর মন্তব্য ও বক্তব্য দেন। তখন প্রতিবাদ করলে আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আসামিরা সাড়ে ১০ হাজার টাকা চুরি করে নেন।

টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ঐ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মারধরে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। পরে ছাত্র অধিকারের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!