ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সোহেল চৌধুরী হত্যা মামলা: ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৩
সোহেল চৌধুরী হত্যা মামলা: ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
চিত্রনায়ক সোহেল চৌধুরী- ফাইল ফটো

আগামী ৬ মাসের মধ্যে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

পাশাপাশি এসময় পর্যন্ত আসামি আশিষ রায় চৌধুরীর জামিনও স্থগিত থাকবে বলেও জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মুজীবুর রহমান সম্রাট। 

Advertisement

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন আসামি আশিষ রায় চৌধুরী। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত তা স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। 

দীর্ঘ ২৫ বছর আগে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রামস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয়। ঐ ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন।  ৯ জনের বিরুদ্ধে  ১৯৯৯ সালের ৩০ জুলাই অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। 

এদিকে ২০০১ সালের ৩০ অক্টোবর ঐ মামলায় অভিযোগ গঠন করা হয়। পরে বিচারের জন্য পাঠানো হয় ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আসামি আদনান সিদ্দিকি ২০০৩ সালের ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি মামলার কার্যক্রম স্থগিত করে রুলসহ আদেশ দেন। 

তবে রুল নিষ্পত্তি করে ২০১৫ সালের ৫ আগস্ট রায় দেন হাইকোর্ট। রায়ে রুলটি খারিজ করে দেওয়া হয়। একই সঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত। এতে মামলার বিচার কার্যক্রম চলতে আইনত আর কোনো বাধা থাকে না। 

এদিকে বিষয়টির অনুসন্ধান শেষে গত বছরের ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘নায়ক খুনের মামলা গুম’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইয়া রাসেল। তবে জবাব না পেয়ে রিট করেন তিনি। ওই রিটের পর মামলার নথি খুঁজে বের করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপরই ফাইল চলে যায় বিচারিক আদালতে। শুরু হয় বিচার কাজ। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!