ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

উত্তরায় ব্যাংকের টাকা ছিনতাই: ৪ আসামির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৩, ১৬ মার্চ ২০২৩
উত্তরায় ব্যাংকের টাকা ছিনতাই: ৪ আসামির জবানবন্দি
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় চার আসামি জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- আকাশ, সাগর মাতুব্বর, মিজানুর রহমান ও সোনা মিয়া। জবানবন্দিতে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় তারা ছিনতাইয়ের দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন।

জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সাজু মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি মিজানুর রহমান ও সোনা মিয়ার জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এবং আসামি আকাশ ও সাগর মাতুব্বরের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Advertisement

রোববার (১২ মার্চ) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর সাজু মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রত্যেক আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা থেকে ছিনতাই হওয়া ৪ বক্স টাকার মধ্যে ৩ বক্স উদ্ধারের কথা জানায় ডিবি পুলিশ।

এ ঘটনায় ৯ মার্চ রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!