ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাবেক ঢাবি শিক্ষকের গাড়িচাপায় নারী নিহত: প্রতিবেদন ৭ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৯, ২২ মার্চ ২০২৩
সাবেক ঢাবি শিক্ষকের গাড়িচাপায় নারী নিহত: প্রতিবেদন ৭ মে
ফাইল ফটো

ঢাবির সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফরের গাড়িচাপায় রুবিনা আক্তার (৪০) নামে এক নারী নিহতের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ঐ শিক্ষকের প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার। তিনি প্রাইভেটকারের নিচেই আটকে পড়েন। ঐ অবস্থায় চালক গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে উপস্থিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে আটকে যায় গাড়িটি।

Advertisement

সেসময় চালককে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। এতে গুরুতর আহত হন ঐ চালক। পরে আহত নারী ও গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ঐ নারী মারা যান। আর গাড়িচালক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গাড়িচালক আজহার জাফর ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২০১৮ সালে নৈতিক স্খলনজনিত কারণে তাকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গাড়িচাপার এ ঘটনার একদিন পর নিহত রুবিনা আক্তারের (৪৫) ভাই জাকির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে শাহবাগ থানায় এ মামলা করেন।

এরপর প্রায় একমাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ১ জানুয়ারি মামলার আসামি জাফরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাফর। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, আসামি আজহার জাফর শাহ গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় সম্প্রতি মারা যান। তবে বিষয়টি এখনো আদালতকে অবহিত করা হয়নি বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!