ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

শ্রমিক লীগ নেতা অপু হত্যা: ৬ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৮, ১১ জুন ২০২৩
শ্রমিক লীগ নেতা অপু হত্যা: ৬ জন রিমান্ডে
ফাইল ফটো

রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় স্থানীয় শ্রমিক লীগ নেতা অপু ইসলাম হত্যা মামলায় ছয় জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন- মো. শাহাদাত হোসেন, মো. মোরশেদ হোসেন, মো. হামিদুল ইসলাম, সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবির। 

রোববার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সনেট সরকার, মেহেদী হাসান ও শাহজাহান কবিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তারা অপুকে পাশের একটি ভবনের সাত তলায় নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দেয়। পরবর্তীতে একইদিনে রাত ৮টার দিকে বাকি আসামিরা বিষয়টি মিমাংসার কথা বলে অপুকে ডেকে নিয়ে যায়। এরপর তারা অপুকে অকথ্য ভাষায় গালাগালি করলে অপু এর প্রতিবাদ করে। একপর্যায়ে তারা ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় অপুকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার রাতে অপুর বড় ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!