ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

লঞ্চডুবিতে ৩৪ যাত্রীর মৃত্যুর মামলায় সহকারী জজের সাক্ষ্য 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ৩০ জুলাই ২০২৩
লঞ্চডুবিতে ৩৪ যাত্রীর মৃত্যুর মামলায় সহকারী জজের সাক্ষ্য 
ফাইল ফটো

বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ ডুবে ৩৪ যাত্রীর মৃত্যুর মামলায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শাহজাদী তাহমিদা আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন।

রোববার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে সাক্ষ্য দেন তিনি। 

শাহজাদী তাহমিদা লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার আসামিদের জবানবন্দি গ্রহণ করেছিলেন। তখন তিনি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত ছিলেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আমিনুল ইসলাম এসব তথ্য জানান।

Advertisement

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ জুন মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড নামের একটি লঞ্চ সদরঘাটে পৌঁছানোর আগে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। দুর্ঘটনায় মর্নিং বার্ডের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরের দিন ৩০ জুন রাতে নৌ-পুলিশের সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ৯ ফেব্রুয়ারি সদরঘাট নৌ-থানা পুলিশের সাব-ইন্সপেক্টর শহিদুল আলম ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত।    

আসামিরা হলেন- ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ, মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন, সুকানি নাসির হোসেন মৃধা, গিজার হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!