ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

জঙ্গি কাফেলার ৯ সদস্য রিমান্ডে, কারাগারে ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ১৩ আগস্ট ২০২৩
জঙ্গি কাফেলার ৯ সদস্য রিমান্ডে, কারাগারে ২
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার ‘ইমাম মাহমুদের কাফেলা’র ৯ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরো দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৯ আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপ-পরিদর্শক শাহজাদা মোহাম্মদ আব্দুল্লা আল মামুন।

অপরদিকে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত ৯ আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মো. হাফিজুল্লাহ, রাফিউল, শরীফুল ইসলাম, খাইরুল ইসলাম, সানজিদা খাতুন, মাইশা ইসলাম, আমেনা, হাবিবা বিনতে শরীফুল ও ফরহাদ হোসেন ওরফে শিপন। এদের মধ্যে আসামি ফরহাদকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। 

কারাগারে যাওয়া আসামিরা হলেন- শাপলা ও মেঘলা আক্তার। এর মধ্যে আসামি শাপলার দুগ্ধপোষ্য দেড় বছর বয়সী মেয়ে ও পাঁচ বছর বয়সী ছেলে এবং আসামি মেঘলার দুগ্ধপোষ্য এক বছর বয়সী মেয়েসহ হাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!