মাদক মামলায় আশিষ চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য ২৬ অক্টোবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছেন আসামির আইনজীবী। ফলে মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২১ এর বিচারক কুদরত ই এলাহীর আদালত।
বুধবার সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও বিষয়টি নিয়ে উচ্চ আদালতে শুনানি চলায় সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি।
এর আগে, আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল-২১ এর বিচারক কুদরত ই এলাহী।
২০২২ সালের ৬ এপ্রিল রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেফতার করে র্যাব। এ সময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে গুলশান থানায় আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. শামীম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন।