ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বিমানবন্দরে সোনা চুরির মামলায় ৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩
বিমানবন্দরে সোনা চুরির মামলায় ৮ জন রিমান্ডে
ফাইল ফটো

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে সোনা চুরির ঘটনায় গ্রেফতার সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহীসহ আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার আসামিদের আদালতে উপস্থিত করে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম। 

রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত প্রত্যেক আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মোজাফফর আলী বিষয়টি জানিয়েছেন। 

Advertisement

রিমান্ডে যাওয়া আসামিদের ভেতর সহকারী রাজস্ব কর্মকর্তারা হলেন- মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ ও মো. মাসুম রানা। আর সিপাহীরা হলেন- মো. মোজাম্মেল হক, মো. নিয়ামত হাওলাদার, মো. রেজাউল করিম ও মো. আফজাল হোসেন।

উল্লেখ্য, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এসব সোনা উধাওয়ের বিষয়টি ৩ সেপ্টেম্বর অফিস খোলার পর কর্মকর্তাদের নজরে আসে। এ ঘটনায় কাস্টমসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মূলত যে সোনা যাত্রীদের কাছ থেকে জব্দ করা হতো তা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়েছিল। তবে কীভাবে এত পরিমাণ সোনা উধাও হলো সে বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!