আসামিরা হলেন- মো. জসিম প্রকাশ ওরফে ডোম জসিম (২৬), মো. রাসেল প্রকাশ রিয়াজ (১৮) ও রাজীব (১৮)।
জানা গেছে, তারা দলনেতা জসিমের কাছ থেকে মাদক পাওয়ার বিনিময়ে ছিনতাই করতো।
.png)
মামলার সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে জসিম দলের প্রধান। তিনি এক সময় ডোম হিসেবে কাজ করতেন। পরে পেশা ছেড়ে শুরু করেন ছিনতাই। প্রথম দিকে অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন। টোকাই, ভাসমান ও মাদকসেবীদের দলে নেন তিনি। এরপর তাদের মাদকের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যান। চক্রের সদস্যরা নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই মাদকসেবীদের গাঁজা কিংবা ইয়াবা দেন জসিম। এ প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজিবকে। তারা গাঁজার লোভে ছিনতাই করেন।
এ তিনজনকে শুক্রবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়।
জানা গেছে, আসামিদের মধ্যে জসিমের বিরুদ্ধে চারটি, রাসেলের বিরুদ্ধে তিনটি এবং রাজিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।