ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড

৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, রূপায়ন গ্রুপের চেয়ারম্যানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪
৮ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, রূপায়ন গ্রুপের চেয়ারম্যানকে অব্যাহতি
ফাইল ফটো

রাজধানীর বনানীর এফআর (ফারুক রূপায়ন) টাওয়ারে আগ্নিকাণ্ডের মামলায় ৮ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সেই সঙ্গে মামলার অন্যতম আসামি রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এ চার্জশিট গ্রহণ করেন। এ সময় পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আসামিদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেন আদালত।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এফআর টাওয়ার ভবনের জমির মালিক এস এম এইচ আই ফারুক, ভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি তানভিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ সৈয়দ আমিনুর রহমান, সদস্য কাজী মাহমুদুন নবী, রফিকুল ইসলাম, ওয়ারদা ইকবাল ও ভবনটির সপ্তম তলার মালিক সেলিম উল্লাহ। তাদের মধ্যে আসামি ফারুক, তানভিরুল ও আমিনুর জামিনে রয়েছেন। বাকি আসামিরা পলাতক।

Advertisement

২০১৯ সালের ২৮ মার্চ দুপুরে ৩২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত এফআর টাওয়ারে আগুন লাগে। জীবন বাঁচাতে বিভিন্নভাবে বাণিজ্যিক এ ভবন থেকে নামার সময় দুর্ঘটনা ও অগ্নিদগ্ধ হয়ে ২৭ জন প্রাণ হারান ও আহত হন শতাধিক। এ ঘটনায় ৩০ মার্চ মামলা করেন বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত। ২০২২ সালের ২০ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।

তবে মামলা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়নি উল্লেখ করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। পরে তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক রফিকুল ইসলাম ৮ জনকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন। অভিযোগের সত্যতা না পাওয়ায় রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!