রাজধানীর রমনা থানায় ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধারের একটি মামলায় চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
.png)
আসামিরা হলেন- সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মেহেদী, পাবনা সদর থানার হাজারীপুরের বাসিন্দা রফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার তাজালপুরের জাহাঙ্গীর আলম ও একই এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান সাগর।
আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন, যা অনাদায়ে তাদের আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামিদের মধ্যে জাহাঙ্গীর, ওয়াহিদুজ্জামান ও রফিকুল আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। অপর আসামি আশরাফুজ্জামান অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানামহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলায় জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গোপন সূত্রে জানতে পারে যশোর সীমান্ত এলাকা থেকে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে আসছে। আব্দুল্লাহপুর এলাকা থেকে গাড়ি দুটি অনুসরণ করে ডিবি পুলিশ। পরে মগবাজার মোড়ে গাড়ি দুটি তল্লাশি করে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ দক্ষিণের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের এসআই মোহাম্মদ নাজমুল হক রমনা মডেল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।