ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দীপ্ত টিভির তামিম হত্যায় ২ আসামির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ৩ নভেম্বর ২০২৪
দীপ্ত টিভির তামিম হত্যায় ২ আসামির জামিন নামঞ্জুর
আসামি ও পুলিশ- ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরার মহানগর আবাসিক প্রকল্প এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় গ্রেফতারকৃত মো. কুরবান আলী ও মো. আব্দুল লতিফের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

এদিন দুই আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Advertisement

এর আগে, ১৬ অক্টোবর এ মামলায় গ্রেফতার ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেদিন আসামি মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেল আদালতে দায় স্বীকার জবানবন্দি দেন।

মামলার সূত্রে জানা গেছে, তিনজন মালিকের জমি নিয়ে প্লিজেন্ট প্রোপার্টিস একটি ভবন নির্মাণ করে। ৯ তলা ঐ ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল। কিন্তু জমির মালিক নিহত তামিমের পিতাকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতারের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক।

গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০/২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তামিম নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর ৬ আসামিকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!