ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপজেলা নির্বাচন কর্মকর্তা হচ্ছেন ৪০তম বিসিএসের ৯০ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ২৩ নভেম্বর ২০২৩
উপজেলা নির্বাচন কর্মকর্তা হচ্ছেন ৪০তম বিসিএসের ৯০ জন
ফাইল ফটো

৪০তম বিসিএস থেকে ৯০ জন নন-ক্যাডার উপজেলা নির্বাচন কর্মকর্তা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ইসি সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্য পদ পূরণে বিভিন্ন গ্রেডে আরো জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্য পদ পূরণে ৪০তম বিসিএস এর নন-ক্যাডার থেকে ১ম শ্রেণির পদে ৯০ জন এবং ২য় শ্রেণির সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা/সমমানের পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

এদিকে, ৪র্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ৯ জনকে, ৫ম গ্রেডে উপসচিব/সমমানের পদে ১১ জনকে, ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব/সমমানের পদে ১৩ জনকে, ২য় শ্রেণি হতে ১ম শ্রেণির সহকারী পরিচালক/উপজেলা নির্বাচন কর্মকর্তা/নির্বাচন কর্মকর্তা পদে ২৩ জনকে, ৩য় শ্রেণি হতে ২য় শ্রেণির সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ১৬১ জনকে, প্রশাসনিক কর্মকর্তা পদে ২ জনকে এবং ১৮ থেকে ১৬ তম গ্রেডে ৫০ জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এছাড়া তৃতীয় শ্রেণির ১১টি পদে কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী প্রভৃতি পদে রাজস্ব খাতে মোট ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইসির পরিচালক শরিফুল আলম বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মোট ২ লাখ ৩৬ হাজার ৭২৮টি আবেদন জমা পড়েছিল। এমসিকিউ, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!