মিরসরাই বিএসআরএম প্লান্ট পরিদর্শন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর
চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের অফিস ও শিল্প প্লান্ট পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, দেশে ও বিদেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। জনগণের দক্ষতা উন্নয়নে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) বেসরকারি প্রতিষ্ঠানগুলোও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারে। ছোট পরিসরে হলেও একটি সফল ও দৃষ্টান্তমূলক মডেল গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
শিল্প প্লান্ট পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন, ১৯৫২ সাল থেকে দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতিতে অবদান রাখার জন্য বিএসআরএমকে ধন্যবাদ। কর্মসংস্থান বৃদ্ধি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
.png)
শিল্প খাতে শ্রম আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে অনেক কারখানায় শ্রম আইন সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার অভিযোগ পাওয়া যায়। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানে কতজন স্থায়ী ও কতজন অস্থায়ী শ্রমিক কাজ করছেন, সে বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে। বিএসআরএমে একটি সুশৃঙ্খল কর্মপরিবেশ দেখা গেছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানে পরিদর্শন করে শ্রম আইন ও সংশ্লিষ্ট নিয়ম-কানুন কতটা মানা হচ্ছে, তা পর্যালোচনা করা হবে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার কারখানাগুলোতে পরিবেশবান্ধব ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনের সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।