বিমানবন্দর মামলায় আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
.png)
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরের ঘটনায় আখতারুজ্জামানের পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না এবং ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তা, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৩৮-এর যাত্রীরা লাগেজ পেতে দেরি হওয়া এবং ট্রলি সংকটের কারণে ক্ষুব্ধ হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামানের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এজাহারে তাকে নির্বাহী পরিচালককে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এ সময় তাকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে।
মামলার পর আদালত আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।