ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশের ৫ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেবে ইউজিসি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৭, ২০ অক্টোবর ২০২৬
দেশের ৫ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণ দেবে ইউজিসি
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞানকে শিক্ষার্থীদের কর্মজীবন ও বাস্তব জীবনের সঙ্গে আরও প্রাসঙ্গিক করার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারে চার দিনব্যাপী ‘ট্রেনিং অব ট্রেইনারস’ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে চাকরি কিংবা উদ্যোক্তা জীবনের সঙ্গে অর্জিত শিক্ষার সঠিক মেলবন্ধন ঘটাতে পারছেন না অনেক শিক্ষার্থী। এই অবস্থার পরিবর্তনে ইউজিসি একটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছে, যার মাধ্যমে শিক্ষার সঙ্গে জীবনের সংযোগ জোরদার করা হবে। এই রূপান্তরে শিক্ষকদের ভূমিকা মুখ্য হওয়ায় প্রাথমিকভাবে দেশের পাঁচ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষকদের গুণগত দক্ষতা বাড়াতে দেশে মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। এর ফলে বিদেশনির্ভরতা কমিয়ে দেশেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান সম্ভব হবে। হিট প্রকল্পের আওতায় ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে ২১ জন অধ্যাপক অংশ নেন, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

সুত্র; বাসস 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!