আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ দলটিকে আর কখনো রাজনীতি করার সুযোগ দেবে না।
বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্পিকার বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নের পরিবর্তে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের উদ্দেশ্যে ক্ষমতায় এসেছিল। দলটির সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। এমনকি বিগত সরকারের এক প্রতিমন্ত্রীর বিদেশে দুই শতাধিক বাড়ি থাকার তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকায় বিগত সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও অপরাধের অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তোফায়েল আহমেদ। নির্বাচনে পরাজয়ের পর শেখ হাসিনা ঢাকা থেকে একজন সন্ত্রাসীকে এনে তার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে অভিযোগ করেন তিনি।
স্পিকারের দাবি, ওই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে লালমোহনে প্রায় ৫০০ বিঘা জমি এবং ঢাকায় একাধিক বাড়ির মালিক হন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব সম্পদ ফেলে পরিবারসহ পালিয়ে যান।
এ সময় নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন স্পিকার। তিনি জানান, তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের জন্য মেঘনা নদীর তীরে একটি পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এলাকায় সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে তজুমদ্দিন উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।