রাজধানীর লালবাগে ‘বার্গার খোর’ নামে একটি রেস্টুরেন্ট থেকে বিএনপির এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে কমলা রঙের ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানার বড় ভাট মসজিদ এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারসংলগ্ন ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
.png)
আটক ব্যক্তিরা হলেন মো. রবিন হোসেন (৩৯), মো. আমির হোসেন (৪৯), রাশেদ আহাম্মেদ (৪২) ও মো. আলী আজম (৫১)। তাঁরা সবাই লালবাগ এলাকার বাসিন্দা। আলী আজম লালবাগ থানার নবগঠিত কমিটির থানা বিএনপির সদস্য বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, আটক রাশেদ আহাম্মেদ ‘বার্গার খোর’ রেস্টুরেন্টের মালিক। তাঁকে সাবেক আওয়ামী লীগের নেতা বলেও স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশ জানায়, বড় ভাট মসজিদসংলগ্ন স্টাফ কোয়ার্টারের পাশে অবস্থিত রেস্টুরেন্টটিতে চারজন অবস্থান করছেন—এমন তথ্য স্থানীয়রা পুলিশকে দেন। খবর পেয়ে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে চারজনকে হেফাজতে নেয়। পরে তাঁদের কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালবাগ থানার ওসি ইয়াসিন আলী বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্ট থেকে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।