ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শনিরআখড়ায় ব্যবসায়ীকে গুলি, হামলাকারীকে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১, ৬ সেপ্টেম্বর ২০২৬
শনিরআখড়ায় ব্যবসায়ীকে গুলি, হামলাকারীকে ধরে পুলিশে দিল জনতা
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় দোকানে ঢুকে মো. আসলাম খান (৪০) নামে এক রাইস কুকার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর বাম হাত ও মুখের ডান পাশে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে শনিরআখড়া রয়েল হাসপাতালের সামনে ‘লাকী রাইস কুকারিজ’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

আহত আসলামকে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু মনোয়ার হোসেন জানান, রাতে এক ব্যক্তি দোকানে ঢুকে আসলামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁর বাম হাত ও মুখের ডান পাশে গুলি লাগে।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত আসলামকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

মনোয়ার হোসেন জানান, গুলির ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে কী কারণে আসলামকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

আসলামের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামে। তাঁর বাবার নাম আলী আকবর খান। দুই সন্তানের জনক আসলাম বর্তমানে কদমতলী থানার পলাশপুর-শনিরআখড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। রাইস কুকারের ব্যবসার পাশাপাশি তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কদমতলী এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!