ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৮, ৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫১৪
ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৬১টি মামলা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

Advertisement

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৪৩ জন, লালবাগের ৩৬, ওয়ারীর ৫৫, মতিঝিলের ৬১, তেজগাঁওয়ের ৫৬, মিরপুরের ১৪০, গুলশানের ৫৯, উত্তরা বিভাগের ৫৭ এবং গোয়েন্দা বিভাগের সাতজন রয়েছেন।

অভিযানকালে পুলিশ দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়া তিনটি গুলির খোসা ও একটি হাতবোমাও উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি ইয়াবা সেবনের পাইপ ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

অভিযানে একটি পিকআপ, একটি প্রাইভেট কার ও পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। অন্যান্য উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটি ধারালো ক্ষুর, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি পিস্তলের ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, একটি রান চাকু, দুটি স্টিলের ব্যাটন, দুটি চাকু, একটি ওয়ালেট, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি কালো কটি, ১৩টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার টাকা। একই সঙ্গে দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!