গত দশক ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম। বুধবার এক নতুন রিপোর্টে জলবায়ু পরিবর্তনের এই মারাত্মক বাস্তবতা প্রকাশ পেলো। পাঁচশ’র বেশি বিজ্ঞানীর সমীক্ষায় জলবায়ু পরিবর্তনের এ মারাত্মক বাস্তবতা প্রকাশ পেয়েছে।
টাইমস নাউ নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’স সেন্টার্স ফর এনভায়রনমেন্টার ইনফরমেশনের নেতৃত্বে এই প্রতিবেদন তৈরি হয়েছে। যাতে অংশ নেন ৬০ টি দেশের ৫২০ জনেরও বেশি বিজ্ঞানী। এর আগে নাসা জানিয়েছে যে, রেকর্ড হওয়া দ্বিতীয় উষ্ণতম বছর ছিল গত বছর।
.png)
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ সাল থেকে প্রত্যেক দশক আগের দশকের চেয়ে উষ্ণ ছিল। সম্প্রতি (২০১০-২০১৯) এই উষ্ণতা আগের (২০০০-২০০৯) চেয়ে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গ্রিন হাউস বেড়ে যাওয়ায় জনজীবন ব্যহত হচ্ছে।
গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে উষ্ণতা ১৯৯০ সালের চেয়ে ৪৫ শতাংশ বেড়ে গেছে বলে লক্ষ্য করেছেন গবেষকরা। গাড়ি, বিমান ও ধোঁয়া নির্গমনকারী কারখানাগুলোর ব্যবহার করা জীবাশ্ম জ্বালানী বাতাসে ছড়িয়ে পড়ে এই বসবাসযোগ্য গ্রহকে আরো উষ্ণ করে তুলছে বলে জানান তারা।
উষ্ণতম বছরের প্রতিফলন ঘটেছিলো ব্যাপকভাবে। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল এবং ইউরোপ, জাপান, পাকিস্তান ও ভারতে ছিল মারাত্মক তাপদাহ। অপরদিকে প্রায় একশটি সাইক্লোন তাণ্ডব চালিয়েছে বিশ্বে। হিমবাহ ও সামুদ্রিক বরফ গলেছে উদ্বেগজনক হারে এবং বন্যা-খরায় ভুগেছে পুরো পৃথিবী।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ