ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রশ্নবিদ্ধ বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৫, ৭ নভেম্বর ২০২০
প্রশ্নবিদ্ধ বিরাট কোহলি
বিরাট কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রায় প্রতি মৌসুমেই ব্যাট হাতে সফল হয়েছেন বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক হিসেবে প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। গত আট মৌসুম ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্বে সময়ের সেরা ব্যাটসম্যান। কিন্তু একবারও শিরোপা এনে দিতে পারেননি দলকে। এই কারণে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

কোহলির নেতৃত্বে এই নিয়ে তৃতীয়বারের মতো প্লে অফ পর্বে খেলেছে ব্যাঙ্গালুরু। এর মাঝে মাত্র একবার ফাইনাল খেলেছে তারা। অন্যদিকে কোহলি অধিনায়ক না থাকাকালীন প্রথম পাঁচ মৌসুমের দুইবারই ফাইনালে উঠেছে দলটি। প্রতি মৌসুমেই ব্যয়বহুল দল সাজায় ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর শিরোপা জেতা হয় না।

এলিমিনেটর পর্বে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্যাঙ্গালুরু। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোকে গম্ভীর জানিয়েছেন, এই ব্যর্থতার দায় নিতে হবে কোহলিকেই।

Advertisement

এ ব্যাপারে গম্ভীর বলেন, ‘অবশ্যই সমস্যাটি দায়বদ্ধতার। ৮ বছরেও কোন ট্রফি নেই! এটা কিন্তু অনেকটা সময়। আমাকে বলুন, অধিনায়কের কথা বাদই দিলাম, যদি অন্য কোনো খেলোয়াড় ৮ বছর খেলেও শিরোপা না জেতে তাহলে তাকে কি রাখা হতো? সুতরাং জবাবদিহিতা থাকা দরকার। অবশ্যই অধিনায়কের জবাবদিহি করা দরকার। কোহলির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমার মনে হয় তার এগিয়ে এসে বলা উচিত, ‘হ্যাঁ, দায় আমারই।’

অন্য দলের অধিনায়কদের উদাহরণ টেনেও কথা বলেছেন কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা জেতানো গম্ভীর। তার মতে একেকজনের জন্য একেক রকম মানদন্ড থাকা উচিত নয়। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘৮ বছর লম্বা একটা সময়। রবিচন্দ্রন অশ্বিনের দিকে খেয়াল করে দেখুন, সে দুই বছর নেতৃত্বে থেকেও (কিংস ইলেভেন পাঞ্জাবে) সাফল্য এনে দিতে না পারায় তাকে সরিয়ে দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘রোহিত শর্মা মুম্বাইকে চারটি ট্রফি এনে দিয়েছে, ধোনি চেন্নাইকে এনে দিয়েছে তিনটি। এজন্যই তারা এত লম্বা সময় ধরে নেতৃত্বে আছে। আমি নিশ্চিত, রোহিত সাফল্য এনে দিতে না পারলে তাকেও সরিয়ে দেয়া হতো। একেক জনের জন্য একেকরকম মানদণ্ড থাকা কখনোই উচিত নয়।’

গম্ভীরের সঙ্গে সুর মিলিয়েছেন মাঞ্জরেকারও। তবে তিনি অবশ্য মালিকপক্ষকে দায় দিচ্ছেন। তার মতে কোহলি কখনো নিজে থেকে এসে বলবে না যে আমি অধিনায়কত্ব করব না। ফলে ট্রফি জিততে হলে মালিকপক্ষকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। 

মাঞ্জরেকার বলেন, ‘দৃশ্যপট আর ফলাফল বদলাতে চাইলে আপনাকে অবশ্যই অধিনায়ক বদলাতে হবে। আমি এমনটা আশা করছি না যে কোহলি নিজেই এসে বলবে, ‘আমি পারিনি।’ আমি চাই কাজটি মালিকপক্ষ করুক। ব্যাঙ্গালুরু ট্রফি জিততে না পারার পেছনে আমি মালিকপক্ষকেই প্রথমে দায় দেব।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!