আইপিএলে জুয়া খেলায় ৪২ জন গ্রেফতার
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যাঙ্গালুরু থেকে ৪২ জনকে গ্রেফতার করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্র্যাঞ্চ (সিসিবি)। একই সঙ্গে তাদের কাছ থেকে নগদ দেড় কোটি রুপি উদ্ধার করা হয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন জুয়াড়িদের উৎসব। সদ্য শেষ হওয়া আইপিএলের ত্রয়োদশ আসরকে ঘিরেও এর ভিন্নতা ঘটেনি। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরু হওয়ার দুই দিন পর একটি জুয়ার ড্রাইভ চালু করে ভারতের স্থানীয় কিছু বাজিকর। আটককৃতরা সেই ড্রাইভের সঙ্গেই যুক্ত বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বিশেষ সেই ড্রাইভে শতকরা ৭৫ ভাগেরও বেশি তরুণ বাজি ধরেছিল। এসব তরুণরা বিভিন্ন হোটেল, বার, সুপারমার্কেট, পেট্রোল পাম্পের কর্মচারী ছিল। অনলাইনে অল্প পরিমাণ টাকা লেনদেন হলেও নগদে এক লাখ টাকার উপরে অর্থ বদল করতো তারা।
.png)
এক তদন্ত কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘স্মার্টফোনগুলো ক্রিকেটকে বাজি ধরতে সহজ করেছে। এখন জুয়াড়িরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের (অ্যাপ) সাহায্যে এসব বাজি খেলে। তদন্তের সময় আমরা স্থানীয়ভাবে প্রকাশিত কিছু অ্যাপ্লিকেশন পেয়েছি। ওরা সেসবে জুয়া খেলতো।’
তিনি আরো বলেন, ‘বেশিরভাগ জুয়াড়িরা স্বল্প সময়ের স্থানীয় অ্যাপ পছন্দ করে। তবে যারা কমপক্ষে ৫০,০০০ টাকার বাজি ধরে তারা আন্তর্জাতিক অ্যাপ ব্যবহার করে। বেশিরভাগ বড় জুয়াড়িরা মুম্বাইয়ে থাকে।’
আইপিএলে প্রতিটি রান, প্রতিটি বাউন্ডারি, প্রতিটি উইকেট এবং প্রতিটি ম্যাচ জিততে অর্থ বিনিয়োগ করা হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। বল প্রতি ২০ হাজার রুপি পর্যন্ত বাজি ধরা হয় বলে জানিয়েছেন তিনি।