ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পিএসজির কোচ  হলেন পচেত্তিনো 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৩ জানুয়ারি ২০২১
পিএসজির কোচ  হলেন পচেত্তিনো 
পিএসজির জার্সি হাতে পচেত্তিনো

টমাস টাখেলকে বরখাস্ত করেছে পিএসজি। তার জায়গায় নেইমার-এমবাপ্পেদের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন টটেনহ্যামের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনো।

শনিবার রাতে আর্জেন্টাইন এই কোচের সঙ্গে ২০২২ সালের গ্রীষ্মকালীন মৌসুম পর্যন্ত চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। তবে সাবেক এস্পানিওল এবং সাউদাম্পটন কোচকে শর্তসাপেক্ষে চুক্তি বাড়ানোর আশা দিয়েছে কাতারের অর্থের ঝনঝনানিতে চলা লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে কোচের দায়িত্ব নিয়ে পচেত্তিনো বলেছেন, আমি নতুন এই দায়িত্ব পেয়ে খুবই খুশি এবং সম্মানিত বোধ করছি। ক্লাবের ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রাখায় তাদের ধন্যবাদ। আপনারা জানেন, এই ক্লাব সবসময়ই আমার হৃদয়ে অবস্থান করে। বিশেষ করে প্যারিসের পরিবেশ ভুলার নয়।

তিনি বলেছেন, কোচ হিসেবে এই ক্লাবে ফিরেছি খুব বড় উচ্চাকাঙ্খা নিয়ে। বিশ্বের সেরা কিছু প্রতিভাবান ফুটবলার আছে এখানে। দলটা ভালো। আমি এবং আমার কোচিং স্টাফ তাই সব প্রতিযোগিতায় দলকে সাফল্য এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা ক্লাবকে আমাদের সর্বোচ্চটা দেবো।

পচেত্তিনো টটেনহ্যামের কোচ হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। দলকে লিগ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তোলেন। তারপরও ২০১৯ মৌসুমের মাঝে তাকে বরখাস্ত করা হয়। এর আগে সাবেক আর্জেন্টাইন এই ফুটবলার ২০০০-০৩ মৌসুমে পিএসজির হয়ে ৯৫ ম্যাচ খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!