ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পচেত্তিনোর প্রথম ম্যাচে জিততে পারেনি পিএসজি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ৭ জানুয়ারি ২০২১
পচেত্তিনোর প্রথম ম্যাচে জিততে পারেনি পিএসজি
ছবি: সংগৃহীত

নতুন কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন বছরে কোন সুখবর দিতে পারেনি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার লিগ ওয়ানে পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচে সেইন্ট এতিয়েনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ড্রয়ে টেবিলের শীর্ষে থাকা লিঁওর চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়েছে পিএসজি।

সেইন্ট এতিয়েনের মাঠে ১৯ মিনিটে রোমেইন হামুমাসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। খুব বেশিক্ষণ অবশ্য তারা এই লিড ধরে রাখতে পারেনি। ২২ মিনিটে ময়সে কিনের গোলে সমতা ফেরায় প্যারিসের জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে অনেক কষ্ট করেও এগিয়ে যেতে পারেনি পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচ শেষে পচেত্তিনো বলেছেন, অবশ্যই আমি হতাশ। কারণ পিএসজি সব সময়ই জয়ের জন্য মাঠে নামে। যদিও খেলোয়াড়রা যেভাবে চেষ্টা করেছে তাতে আমি সন্তুষ্ট।

পিএসজির নতুন কোচ হিসেবে গত শনিবার থমাস টুখেলের স্থলাভিষিক্ত হন টটেনহ্যামের সাবেক বস পচেত্তিনো। এর চারদিন আগে আনুষ্ঠানিতভাবে টুখেলের বরখাস্তের খবর নিশ্চিত করেছিল পিএসজি। কোচ হিসেবে প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে শিরোপা রক্ষা করার মিশনে শুরুতেই ব্যর্থ হলেন পচেত্তিনো।

৪৮ বছর বয়সী এই কোচ অবশ্য বলেছেন, এটা তো মাত্র শুরু। আমাদের একে অপরকে চিনতেও কিছুটা সময় লাগবে। আমার জন্য আজকের ম্যাচটা বেশ কঠিন ছিল, কারণ প্রস্তুতির জন্য সময় খুব কম পেয়েছি। বিষয়টি ইতিবাচক, আমি বুঝতে পেরেছি দলের কোথায় উন্নতির প্রয়োজন রয়েছে।

এদিকে দিনের আরেক ম্যাচে লেন্সকে ৩-২ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষে থাকা লিঁও তাদের পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে। ঘরের মাঠের ম্যাচটিতে ডাচ অ্যাটাকার মেমফিস ডিপে গুরুত্বপূর্ণ দুই গোল করেছেন। আরেক ম্যাচে ঘরের মাঠে রেঞ্জার্সের কাছে ক্রিস্টোফার গালটিয়ারের দল লিলি ২-১ গোলের পরাজয় বরণ করেছে। 

শীতকালীন বিরতির আগে স্ট্রাসবার্গের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচটি থেকে মাত্র দুটি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন পচেত্তিনো। রাফিনহা ও টিমোথি পেম্বেলের পরিবর্তে দলে ফিরেছিলেন কিন ও ইদ্রিসা গুয়ে। 

শুরুটা ভালই করেছিল পিএসজি। আক্রমনভাগ ভালো খেললেও রক্ষনভাগের দূর্বলতা ক্রমেই ফুটে উঠতে থাকে। ১৯ মিনিটে গুয়ে তার পজিশন হারালে পিএসজিকে গোল হজম করতে হয়। স্বাগতিকদের এগিয়ে দিতে অনেক সময় পেয়েছিলেন হামুমা। 

তবে নতুন কোচকে মোটেই হতাশ করেননি কিন। মার্কো ভেরাত্তির পাস থেকে শক্তিশালী শটে পিএসজিকে সমতায় ফেরান তিনি। ইতালিয়ান এই ফরোয়ার্ড গত মৌসুমে এভারটন থেকে ধারে পিএসজিতে যোগ দেবার পর এ নিয়ে ১০টি গোল করলেন।

সব মিলিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত থাকলো সেইন্ট এতিয়েন। দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজি আধিপত্য বিস্তার করলেও ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করে সেইন্ট এতিয়েন। শেষ ১৫ মিনিটে চাপ সৃষ্টি করে পিএসজি। অ্যাঞ্জেল ডি মারিয়া স্বাগতিক গোলরক্ষক জেসি মুলিনকে পরীক্ষায় ফেললেও কিলিয়ান এমবাপ্পেকে স্কোরকার্ডে নাম তুলতে দেননি মুলিন। শেষ পর্যন্ত ড্র দিয়ে শেষ হয় ম্যাচটি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!