ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসি মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ৪ নভেম্বর ২০২১
আইসিসি মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সাকিব
সাকিব আল হাসান

দ্বিতীয়বারের মত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘প্লেয়ার অব দ্য মান্থ’ অর্থাৎ মাসের সেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেলেন বাংলাদেশের সাকিব আল হাসান। অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে সাকিবের সঙ্গে আছেন পাকিস্তানের আসিফ আলি ও নামিবিয়ার ডেভিড উইজে।

অক্টোবর মাসের পারফরমেন্সের উপর ভিত্তিতে সেরার ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকার নাম প্রকাশ করে আইসিসি।

গত জুলাইয়ে প্রথমবারের মত ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরার পুরস্কার জিতেছিলেন সাকিব। দু’মাস পর আবারো এ পুরস্কার জয়ের সুযোগ আছে তার। ইংল্যান্ডের জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিকবার আইসিসির মাস-সেরার মনোনয়ন পাওয়া ক্রিকেটার হলেন সাকিব।

Advertisement

গত অক্টোবরে ব্যাটে-বল হাতে দারুণ ফর্মে ছিলেন সাকিব। বিশ্বকাপের বাছাই পর্বে তিনটি ও সুপার টুয়েলভে তিন ম্যাচ খেলেন সাকিব। ছয় ম্যাচে ২১ দশমিক ৮৩ গড়ে ১৩১ রান করেছেন সাকিব। ১১ দশমিক ১৮ গড়ে ১১ উইকেটও শিকার করেছেন তিনি। আইসিসি টি-২০ বিশ্বকাপের অলরাউন্ডার  তালিকায় আফগানিস্তানের মোহাম্মদ নবির সাথে যৌথভাবে শীর্ষে রয়েছেন সাকিব।

দারুন পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে অক্টোবরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন সাকিব। গত জুলাইয়ে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে সেরা ক্রিকেটার হয়েছিলেন এই অলরাউন্ডার। সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর হ্যামস্ট্রিং ইনজুরির পর বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন তিনি।

এ বছরের শুরুতে চালু হওয়ার পর মাস সেরা ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশী হিসেবে এ নিয়ে চতুর্থবার কেউ মনোনয়ন পেলেন। গত মে মাসে প্রথম মাস সেরার মনোনয়ন ও পুরস্কার পান মুশফিকুর রহিম। এরপর জুলাইয়ে সাকিবের পর গত সেপ্টেম্বরে মনোনয়ন পেয়েছিলেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

চলমান বিশ্বকাপে তিন ম্যাচের মধ্যে দুই ইনিংসে ব্যাট হাতে ঝড় তুলেন পাকিস্তানের আসিফ। দু’টি বিধ্বংসী ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে অপরাজিত ২৭ এবং আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে অপরাজিত ২৫ রান করেন আসিফ। আফগানদের বিপক্ষে ১৯তম ওভারে চার ছক্কায় ম্যাচ শেষ করার দাপটও দেখান আসিফ। এই দু’টি অসাধারণ ইনিংসের সুবাদে অক্টোবরের সেরা ক্রিকেটারের মনোয়নের তালিকায় নাম উঠেছে আসিফের।

সাকিব-আসিফের সঙ্গে মনোনয়ন পেয়েছেন নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় ওয়াইস। বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৬ ও ২৮ রান করেন তিনি। তার নৈপুন্যেই প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে নেমে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে নামিবিয়া।

বাছাই পর্ব ও সুপার টুয়েলভে মিলিয়ে ব্যাট হাতে ২৭ গড় ও ১৩২ দশমিক ৭৮ স্ট্রাইক রেটে ১৬২ রান করেছেন ওয়াইস। বল হাতে শিকার  করেছেন ৭ উইকেট।

নারী বিভাগে  সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের মেরি-এন মুসন্দা, আয়ারল্যান্ডের লরা ডিলানি ও গ্যাবি লুইস।

আগামী সপ্তাহে আইসিসির ভোটিং প্যানেলের সদস্যদের সঙ্গে সমর্থকদের ভোটের পর বিজয়ীর নাম ঘোষনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!