ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফিফ-সোহানের লড়াইয়ের পরও বাংলাদেশের মামুলি সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪০, ১৯ নভেম্বর ২০২১
আফিফ-সোহানের লড়াইয়ের পরও বাংলাদেশের মামুলি সংগ্রহ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে টাইগারদের শুরুটা আশানুরূপ হয়নি। আফিফ, মাহেদী ও সোহান লড়াই করলেও মামুলি সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৭ রান।

মিরপুর হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাইম শেখ ও সাইফ হাসান। এ ম্যাচ দিয়েই সাইফের টি-২০ ফরম্যাটে অভিষেক হয়।

Advertisement

মোহাম্মদ নওয়াজের করা প্রথম ওভার থেকে আসে ২ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন হাসান আলী। নিজের প্রথম লিগ্যাল ডেলিভারিতেই নাইমকে আউট করেন তিনি। মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ হয়ে ফেরার আগে এই ওপেনার করেন ১ রান। 

অপর ওপেনার সাইফের অভিষেকটা সুখের হয়নি। মোহাম্মদ ওয়াসিমের বলে স্লিপে ক্যাচ দেওয়ার আগে খেলেন ৮ বলে ১ রানের ইনিংস। পরের উইকেট নিয়ে কারো সাহায্য নেননি ওয়াসিম। নাজমুল হোসেন শান্তকে কট অ্যান্ড বোল্ড করেন তিনি। দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া এই ব্যাটার করেন ৭ রান। 

মাত্র ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এ সময় ২৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন রিয়াদ ও আফিফ হোসেন। নওয়াজের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে ১১ বলে ৬ রান করেন রিয়াদ। 

এরপর নুরুল হাসান সোহানকে নিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন আফিফ। তার ব্যাটেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু শাদাব খানে গুগলিতে বোকা বনে যান তিনি। স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে করেন ৩৪ বলে ৩৬ রান।

আফিফ ফেরার পর দলের হাল ধরার চেষ্টা করেন সোহান। তিনি করেন ২২ বলে ২৮ রান। শেষ দিকে টাইগারদের একাই এগিয়ে নেন মাহেদী হাসান। এই অলরাউন্ডার অপরাজিত থাকেন ৩০ রানে। 

শেষ বলে তাসকিন ছক্কা হাঁকালে লড়াই করার মতো সংগ্রহ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন হাসান আলী। এছাড়া ওয়াসিম দুটি, নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট নেন। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!