ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যারাডোনা কাপের শিরোপা জিতল বোকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১৫ ডিসেম্বর ২০২১
ম্যারাডোনা কাপের শিরোপা জিতল বোকা
ছবি: সংগৃহীত

প্রথম বারের মতো আয়োজিত ম্যারাডোনা কাপের শিরোপা জিতেছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে দিয়েগো ম্যারাডোনার স্বদেশী ক্লাবটি।

সৌদি আরবের রিয়াদে মঙ্গলবার রাতে ম্যারাডোনা কাপে ৯০ মিনিটের মূল লড়াই ১-১ গোলের সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম‍্যাচ জিতে নেয় বোকা।

বাজে সময়ের মধ‍্য দিয়ে যাওয়া বার্সেলোনা প্রথম থেকেই সহজাত আক্রমণাত্মক ফুটবল খেলে। প্রথমার্ধে ডি-বক্সের বাইরে থেকে গোলের জন‍্য চেষ্টা করেন রিকি পুজ, দানি আলভেসরা। তবে সাফল‍্য মেলেনি।

Advertisement

রক্ষণে বেশি মনোযোগ দেওয়া বোকা সুযোগ পেলেই প্রতি-আক্রমণে উঠে এসেছে। প্রথমার্ধের শেষ দিকে তাদের দারুণ একটি আক্রমণ ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক নেতো।

৫০তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা। দানি আলভেসের ক্রস ফেলিপে কুটিনহোর গায়ে লাগলে বল পেয়ে যান তিনি। এরপর দারুণ টার্নে জায়গা করে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল।

এরপর ৭৭তম মিনিটে সমতা ফেরায় বোকা। ফাব্রার নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান এসেকিয়েল সেবাইয়োস। সমতায় ম‍্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়। ফলে খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। 

বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিস্তিয়ান পাভোন ও আরন মোলিনাস। বার্সেলোনার হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেস ও ফেররান। মাথেউসের শট ঠেকিয়ে দেন রসি। 

শেষে এসে গিলেম হাইমে শট লক্ষ‍্যে রাখতে পারেননি। তিনি মিস করার সঙ্গে সঙ্গে ম্যারাডোনা কাপের শিরোপা জয়ের আনন্দে মাতে বোকা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!