অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচিতে পরিবর্তন
সংযুক্ত আরব আমিরাতে ২৩-৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসির পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী, উদ্ধোধনী দিন ২৩ ডিসেম্বর গ্রুপ বি’তে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের যুবাদের। তবে নতুন সুচিতে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে বাংলাদেশের যুবারা আসরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ ডিসেম্বও মাঠে নামবে।
২৫ ডিসেম্বর কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ২৮ ডিসেম্বর শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
এবারের আসরে আটটি দল অংশ নিবে। ‘এ’ গ্রুপের চার দল হলো- ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে কুয়েত, শ্রীলংকা ও নেপাল।
দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। আগামী ৩০ ডিসেম্বরই হবে দু’টি সেমিফাইনাল। ৩১ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবাারের আসরের। ফাইনাল হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এখন পর্যন্ত যুব এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি যুব ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৯ সালের আসরে রানার্স-আপ হয়েছিল তারা। ফাইনালে ভারতের কাছে ৫ রানে হার বরণ করে নেয় টাইগার যুবারা।