সৌরভের সবশেষ অবস্থা জানালেন চিকিৎসকরা
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। ভক্ত-সমর্থকদের জন্য স্বস্তির বিষয়, আপাতত ভাল আছেন তিনি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন করে সৌরভের আর জ্বর আসেনি। কাশিও নেই। তবে বিসিসিআই সভাপতির এখনো সর্দি রয়েছে। সর্দি থাকায় মাঝে মধ্যে সৌরভকে স্টিম দেওয়া হচ্ছে। কিন্তু কাশি না থাকায় আপাতত তার সিটি স্ক্যান করা হবে না।
এছাড়া আরো জানা গেছে, সৌরভের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। যা খুব ভালো একটি দিক। গত রাতে ভাল ঘুম হয়েছে সৌরভের। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন তিনি। বলছেন কথাও।
সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌপ্তিক পণ্ডা। এছাড়াও পরামর্শ নেয়া হচ্ছে উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের।
কোভিডের জন্য যে চিকিৎসা ব্যবস্থা এখন অনুসরণ করা হয়, সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি সৌরভের জন্য সোমবার রাতেই শুরু করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে জিনের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পরে সৌরভের সেই রিপোর্ট পাওয়া যেতে পারে। রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে তার ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না।
সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরে তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে হাসপাতাল সূত্রের খবর। তবে সৌরভ অসুস্থ হলেও তার স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।