ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসরের ঘোষণা দিলেন রস টেইলর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৭, ৩০ ডিসেম্বর ২০২১
অবসরের ঘোষণা দিলেন রস টেইলর
রস টেইলর

একমাত্র খেলোয়াড় হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই শতাধিক ম্যাচ খেলেছেন রস টেইলর। তবে বেশিদিন আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাকে। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, ২০২২ সালের ঘরোয়া ক্রিকেট মৌসুম শেষেই ক্রিকেটকে বিদায় বলে দেবেন তিনি।

টেইলরের বয়স ৩৭ ছাড়িয়ে গেছে কিছুদিন আগেই। এ সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্সে একটু ভাটা পড়লেই শুরু হয় ফুরিয়ে যাওয়ার গুঞ্জন, অবসরের গুঞ্জন। তবে রস টেইলর এসবকে এতদিন বুড়ো আঙুলই দেখিয়েছেন।

কিন্তু ভারত সফরে নিউজিল্যান্ডের ব্যর্থতার পর টেইলর নিজেও বুঝে গেছেন, তার বিদায়ের সময় চলে এসেছে। আর সে কারণেই সিরিজ শেষ হওয়ার মাসও পেরোয়নি, অবসরের ঘোষণা দিয়ে দিলেন তিনি।

Advertisement

আজ (বৃহস্পতিবার) ব্যক্তিগত টুইটার একাউন্টে এক পোস্ট লিখে বিষয়টি জানান টেইলর। সেখানে তিনি লিখেছেন, ‘আসছে বছর ঘরোয়া মৌসুমে বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয়টি ওয়ানডে খেলার পর আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’

কিংবদন্তি এই ক্রিকেটার আরো লিখেছেন, ‘১৭ বছর ধরে প্রতিনিয়ত আমাকে সমর্থন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় হয়েই ছিল।’

আসছে বছরের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামবেন টেইলর। আগামী ১ জানুয়ারি তার দল নিউজিল্যান্ড ক্রিকেট দল টাইগারদের আতিথ্য দেবে। এই সিরিজ দিয়েই শুরু হবে টেইলরের বিদায়ী মৌসুম। 

দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত টেইলর খেলেছেন মোট ১১০টি টেস্ট, যেখানে রান করেছেন ৭৫৮৪। ওয়ানডে ফরম্যাটে ২৩৩ ম্যাচে তার সংগ্রহ ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের ইতিহাসে তার চেয়ে বেশি রান আর কেউ করতে পারেননি। এছাড়া ১০২টি টি-২০ খেলে ১৯০৯ রানও করেছেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে দুটো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন টেইলর। কিন্তু শিরোপা যদিও জিততে পারেননি একবারও। তাই চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাটাই হয়ে আছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!