লিফটে এক ঘণ্টার বেশি সময় ‘বন্দী’ স্মিথ!
হঠাৎ করেই বড় এক দুর্ঘটনার মুখে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে লিফটের মধ্যে আটকে ছিলেন তিনি। লিফটে অনিচ্ছাকৃতভাবে ‘বন্দী’ হয়ে এক পর্যায়ে ঘাবড়েই গিয়েছিলেন এই অজি ব্যাটার।
ভয়াবহ সেই এক ঘণ্টা লিফটের ভেতর কী ঘটেছিল, কিভাবে কেটেছিল- তার একটি আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্মিথ। অজিদের টেস্ট দলের বর্তমান সহ-অধিনায়ক নিজেই জানিয়েছেন, তিনি লিফটের মধ্যে আটকে পড়েছিলেন এবং কোনোভাবেই দরজা খুলছিল না।
স্মিথ দাবি করেন, আসলে লিফটটি খারাপ হয়ে গিয়েছিল। সে সময়ে তিনি লিফটটি ভিতর থেকে খোলার জন্য অনেক ভাবে চেষ্টা করেন। অন্যদিকে স্মিথের বন্ধু, অজি দলের আরেক ব্যাটার মার্নাস লাবুশেন বাইরে থেকে লিফটটি খোলার চেষ্টা করছিলেন। কিন্তু তাদের দুজনের প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়।
সে প্রসঙ্গ উল্লেখ করে ইনস্টগ্রাম পোস্টে স্মিথ হতাশভাবে জানিয়েছেন, তার সন্ধ্যেটা মোটেও পরিকল্পনা মতো কাটলো না।
ইনস্টাগ্রাম স্টোরিতে স্মিথ লিখেছেন, ‘আমি আমার ফ্লোরেই ছিলাম। কিন্তু দরজা খুলছিল না। লিফটটি খারাপ হয়ে গিয়েছিল। সত্য়ি কথা বলতে, ঠিক যে রকম সন্ধ্যে কাটানোর পরিকল্পনা করেছিলাম, সে রকমটা একেবারেই হয়নি।’
তিনি আরো লিখেছেন, ‘আমি দরজা খোলার অনেক চেষ্টা করেছি, ভিতর থেকে খোলার চেষ্টা করছিলাম, অন্য দিকে মার্নাস (লাবুশেন) বাইরে থেকে খোলার চেষ্টা করছিল। এতে অবশ্য খুব বেশি লাভ হয়নি।’
প্রায় ঘণ্টাখানেক পর লিফট অপারেটররা এসে স্মিথকে সেখান থেকে উদ্ধার করে আনেন। এরই মধ্যে অ্যাসেজের তিনটি টেস্টই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে অ্যাশেজ শিরোপাও নিজেদের কাছে রাখা নিশ্চিত করে ফেলেছে তারা। বাকি রয়েছে আরো দু'টি টেস্ট। আগামী ৫ জানুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু হবে।