ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বর্ষসেরার তালিকায় নেই আর্জেন্টিনা কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫, ৭ জানুয়ারি ২০২২
বর্ষসেরার তালিকায় নেই আর্জেন্টিনা কোচ স্কালোনি
লিওনেল স্কালোনি

লাতিন আমেরিকার দল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি গতবছর অসাধারণ এক সময় কাটিয়েছেন। গত বছর আলবিসেলেস্তেদের সব প্রতিযোগিতায় অপরাজিত রেখেছেন তিনি। এরপরও বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি তিনি।

আর্জেন্টিনা ফুটবল দল শুধু অপরাজিত থাকাই নয়, স্কালোনির হাত ধরেই ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছে তারা। নিশ্চিত করে ফেলেছে কাতার বিশ্বকাপ যাত্রাও। তবুও অজানা কারণে ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় তার জায়গা হয়নি।

সম্প্রতি ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে লিওনেল মেসিদের কোচ স্কালোনির জায়গা না হলেও ইউরো জয়ী ইতালির কোচ রবার্তো মানচিনি ঠিকই জায়গা করে নিয়েছেন।

Advertisement

ইউরো জয় তো আছেই, মানচিনির কোচিংয়ে ইতালি টানা জয়ের বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছিল। গেল অক্টোবরের আগ পর্যন্ত দলটি টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল। ইতালিকে নিয়ে এমন কীর্তি গড়েই বিশ্বসেরা কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়ে গেছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।

এই তালিকায় মানচিনি ছাড়া আছেন আরো দুই কোচ। দুজনই ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবের কোচ। আবার দুই ক্লাবই গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ আক্ষেপ না ঘুচলেও কোচ পেপ ঠিকই জায়গা করে নিয়েছেন সেখানে। এছাড়া দায়িত্ব নেয়ার পাঁচ মাসের মাথায় চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অসাধ্য সাধন করে থমাস টুখেলও ঢুকে গেছেন এই তালিকায়।

গেল বছর নভেম্বরে পুরুষ দলের বর্ষসেরা কোচের তালিকা প্রকাশ করে ফিফা। সেখানে অবশ্য স্কালোনির জায়গা হয়েছিল। তার সঙ্গে সাবেক বায়ার্ন মিউনিখ কোচ ও বর্তমানে জার্মানির দায়িত্বে থাকা হান্সি ফ্লিক, ইন্টার মিলানকে সিরি আ জেতানো আন্তোনিও কন্তে, অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে সেই তালিকায় ছিলেন। চূড়ান্ত তালিকায় অবশ্য কারোই জায়গা হয়নি।

স্ক্যালোনি বর্ষসেরা কোচের তালিকায় জায়গা না পেলেও তার স্বদেশি লিওনেল মেসি ঠিকই বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারেন। ২০২১ সালে রেকর্ড ৭ম ব্যালন ডি’অর জেতা এই মহাতারকা ফিফা বর্ষসেরার তালিকায় আছেন কি-না, সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। আজ শুক্রবার রাতে পুরুষ ও নারীদের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষিত হবে।

এই তালিকা থেকে আগামী ১৭ জানুয়ারি জুরিখে অনুষ্ঠেয় ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচ ও খেলোয়াড়দের হাতে উঠবে ফিফা বর্ষসেরার পুরস্কার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!