বাংলাদেশের জয়কে যেভাবে দেখছেন টেইলর
মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। বাংলাদেশের এমন জয়কে ইতিবাচক হিসেবেই দেখছেন দলটির কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন রস টেইলর। স্বাভাবিকভাবেই নিজ দলের এমন পরাজয়ে তিনি হতাশ। তবে হতাশা কাটিয়ে টাইগারদের এই জয় ক্রিকেট খেলার জন্যই দারুণ ব্যাপার বলে মনে করেন অভিজ্ঞ এই কিউই ব্যাটার।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রস টেইলর বলেন, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মনে হয় এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই আমরা হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা স্রেফ উড়ে গেছি।
.png)
এরপর তিনি বলেন, তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন। এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।
বাংলাদেশের প্রশংসা করলেও ক্রাইস্টচার্চে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ টেইলর। ক্রাইস্টচার্চে কখনো হারেনি নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে ৮টি টেস্ট খেলে ৭টিতেই জিতেছে কিউইরা। অন্য ম্যাচটি হয়েছে ড্র।
এই বিষয় উল্লেখ করে টেইলর বলেন, আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে। এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আর এমন মাঠে খেলাটা হবে, আমরা যেখানকার কন্ডিশন সমন্ধে জানি এবং অনেক সাফল্যও পেয়েছি। কিউরেটরের কাছে গড়পড়তা উইকেটই চেয়েছি এবং তিনি সায় দিয়েছেন।