বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে বিলবাও। শিরোপা ধরে রাখার লড়াইয়ে রোববার তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।
ম্যাচে গোছানো ফুটবল খেলেছে বিলবাও। যদিও প্রথমার্ধে আধিপত্য ছিল অ্যাটলেটিকোরই। কিন্তু গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ভাগ্য সহায় হয় তাদের।
.png)
কর্নার থেকে বল পেয়ে হেড করেছিলেন জোয়াও ফেলিক্স, বল পোস্টে লেগে পড়ার সময় গোলরক্ষক উনাই সিমনের পিঠের ছোঁয়ায় জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বিলবাও।
তবে এরপর চার মিনিটের ঝলকে কাজের কাজ করে নিয়েছে তারা। ৭৭তম মিনিটে কর্নারে কাছ থেকে জোরালো হেডে সমতা ফেরান ইয়েরে আলাভেরেজ। তিন মিনিট পর আরেকটি কর্নার থেকে দানি গার্সিয়ার হেড আটকে গেলেও বাঁ পায়ের শটে ব্যবধান ২-১ করে দেন নিকো উইলিয়ামস।
ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার জোসে মারিয়া হিমেনেস। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে নাম লেখায় বিলবাও।