বাংলাদেশের পেস বোলিং কোচ হতে চান টেইট
বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই চাকুরি ছেড়ে দিয়েছেন। টাইগারদের পেস বোলিং কোচের পদটি এখন শূন্য, সেটি ভালো করেই জানেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট। ফলে এই পদে কাজ করতে আগ্রহী তিনি।
আজ (বুধবার) বিসিবি একাডেমি মাঠে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ইচ্ছের কথা জানান শন টেইট। এ অস্ট্রেলিয়ানের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশে তো এখন পেস বোলিং কোচ নেই। আপনি এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হয়ে। আপনার কী বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হওয়ার ইচ্ছে আছে?
জবাবে টেইট বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহী। যদি (কোচিং পদটা) পাই তাহলে খুব ভাল লাগবে। বাংলাদেশের পেস বোলিং কোচ পদটি বেশ ভালই হবে। আমি দায়িত্ব পেলে করতে আগ্রহী।’
.png)
তবে এই পথটা যে সহজ না সেটা জানেন তিনিও। সবকিছু যে নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছের ওপর। শন টেইটের ভাষ্য, ‘কাকে পেস বোলিং কোচ করবে, সেটা বিসিবিই ভাল জানে। তারাই ঠিক করবে, কে পেস বোলিং কোচ হলে ভাল হবে।’
বাংলাদেশে মাত্র দু’দিন হল এসেছেন টেইট। গতকাল মঙ্গলবার প্রথমদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেটে বোলারদের নিয়ে কাজ করেছেন তিনি। আজ বুধবারই প্রথম মিডিয়ার সামনে এসেছিলেন সাবেক অজি ফাস্ট বোলার।