ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালে হ্যাজার্ড, বেলের যথেষ্ট সুযোগ রয়েছে: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ২০ জানুয়ারি ২০২২
রিয়ালে হ্যাজার্ড, বেলের যথেষ্ট সুযোগ রয়েছে: আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

এডেন হ্যাজার্ড ও গ্যারেথ বেলের সঙ্গে কোন ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। একইসঙ্গে তিনি বিশ্বাস করেন, মৌসুমের দ্বিতীয় ভাগে এই দুই তারকার দলকে দেবার মত অনেক কিছুই আছে। এখনো দলের উন্নতিতে এই দুজনের ভূমিকা রাখার জায়গা আছে বলেও মনে করেন আনচেলত্তি।

মৌসুমের শুরু থেকেই ইনজুরি ও ফর্মহীনতার কারণে মাঠের বাইরে ছিলেন বেলজিয়ান তারকা হ্যাজার্ড। এমনকি স্প্যানিশ সুপার কাপ ও ফাইনালেও হ্যাজার্ড এক মিনিটের জন্যও খেলতে নামেননি। রোববার সৌদি আরবের রিয়াদে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে পরাজিত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে গ্যালাকটিকোরা।

এর আগে সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পরাজিত করেছিল রিয়াল। অন্যদিকে মৌসুমের প্রথম তিনটি ম্যাচে বেল মূল একাদশে খেলার সুযোগ পেলেও আগস্ট থেকে আর মাঠে নামনেনি।

Advertisement

হাঁটু, কাফ ও পিঠের ইনজুরির পাশাপাশি কোভিডেও আক্রান্ত হয়েছিলেন এই ওয়েলস তারকা। সৌদি আরবে খেলতে না পারা বেল অবশ্য কোপা দেল রে’র শেষ ১৬’তে এলচের বিপক্ষে দলে ফিরছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে এই ম্যাচেও হ্যাজার্ডের খেলার কোন সম্ভাবনা নেই।

এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, এটা সত্য যে ইনজুরি ও অন্যান্য সমস্যা মিলিয়ে দুজনেরই মৌসুমের প্রথম ভাগটা মোটেই ভাল কাটেনি। দীর্ঘদিন পরে বেল মাঠে ফিরতে যাচ্ছেন।

তিনি আরো বলেন, হ্যাজার্ডও গত একমাস যাবত ভালই আছে ও শারিরীক ভাবেই নিজেকে ফিট প্রমান করেছে। আমি এ ব্যপারে হ্যাজার্ডকে কোন উপদেশ দিতে চাই না। অভিজ্ঞতা ও যোগ্যতা নিরিখে তার নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেবার যথেষ্ঠ দক্ষতা আছে।

এরপর আনচেলত্তি বলেন, একটি কথাই বলবো এই দুজনই যে মানের খেলোয়াড় তাতে তাদের দুজনকেই রিয়ালের প্রয়োজন রয়েছে। মৌসুমের প্রথম ভাগ মাত্র শেষ হয়েছে। ইনজুরির কারণে হয়ত তারা এই সময়টা আমাদেরকে সহযোগিতা করতে পারেনি। এখনো অনেকটা পথ বাকি। আশা করছি পরের ভাগটা ভালই কাটবে।

২০১৯ সালে চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দেবার পর থেকেই ইনজুরির কারনে দলে নিয়মিত হতে পারেননি হ্যাজার্ড।

৩১ বছর বয়সী এই বেলজিয়ানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেছেন, এই মুহূর্তে এ সম্পর্কে আমার বলার কিছুই নেই। সে এখনো রিয়ালের খেলোয়াড়, নিয়মিত অনুশীলন করছে এবং ম্যাচের প্রতি তার মনোযোগ আছে। এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না। এখানে অন্য কোন ঘটনা নেই। প্রতিটি দলেই প্রতিযোগিতা থাকে। ম্যাচের আবহ বুঝে আমরা সেরা দলটিই বেছে নিতে চেষ্টা করি।

ব্যক্তিগত কারণে এলচের বিপক্ষে খেলছেন না গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে রোববার একই দলের বিপক্ষে ঘরের মাঠে লিগ ম্যাচে এই বেলজিয়ান ফিরে আসবেন বলে আনচেলত্তি আশাবাদ ব্যক্ত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!