আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন লাকমল
আগামী মাসে ভারত সফর শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকান ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল। অবসরের পর তিনি ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারে যোগ দেবেন বলে আজ কর্মকর্তারা জানিয়েছেন।
৩৪ বছর বয়সি লাকমল এ পর্যন্ত লংকান দলের হয়ে ৬৮ টেস্টে ১৬৮ উইকেট শিকার করেছেন। তন্মধ্যে পাঁচ ম্যাচে লংকান দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।
এদিকে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানিয়েছে, তারা লাকমলের সঙ্গে দুইবছরের চুক্তি স্বাক্ষর করেছে। সেখানে সাবেক লংকান কোচ মিকি আর্থারের সঙ্গে যুক্ত হবেন তিনি।
.png)
এক টুইট বার্তায় আর্থার বলেছেন, এই চুক্তি স্বাক্ষরে আমি খুবই খুশি। তিনি একজন শীর্ষ বোলার। এখানে আমাদের তরুণ পেসারদের উন্নতিতে সহযোগিতা করতে পারবেন।
লংকান কর্মকর্তারা বলেছেন, ২০১০ সালে অভিষেক হওয়া লাকমলকে অবশ্য ভারতের বিপক্ষে দুই টেস্টে পাওয়া যাবে। আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা বলেছেন, তিনি ভারত সফরে লাকমলের পারফর্মেন্স দেখার অপেক্ষায় রয়েছেন। তবে ‘নির্বাচকরা যদি সফরের জন্য তাকে বিবেচনায় আনেন’ তবেই।