এবার আইপিএল হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। গুঞ্জন আছে, আসন্ন এই টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে চান সাকিব। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজে সাকিবকে নিয়েই পরিকল্পনা সাজাতে চান জাতীয় দলের টিম ডিরেক্টর।
মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। তবে এপ্রিলের শুরুতে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে সাকিব খেলবেন না টেস্ট সিরিজে।
.png)
দীর্ঘদিন পর প্রোটিয়াদের মাঠে টেস্ট খেলার আগে বাংলাদেশ চায় পূর্ণ শক্তির দল। সাকিব না থাকলে দলের শক্তিমত্তা অনেকাংশেই কমে যায়। তাছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বলে এই দুই ম্যাচের গুরুত্বও কোনো অংশে কম নয়।
সুজন তাই সাকিবকে এই দুই টেস্টে চান। তবে সিদ্ধান্ত ছাড়ছেন সাকিবের ওপরেই। তিনি বলেন, ‘আমি তো চাই সাকিব খেলুক। ওরও কিছু চিন্তা আছে হয়ত যেটা বোর্ডে আলাপ করবে। এখনও নিশ্চিত না কতটুকু এভেইলেবল। ওয়ানডে তো খেলবেই, টেস্ট খেলবে কি না এখনও ঠিক নেই।’
সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ডারবানে। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ। অন্যদিকে আইপিএল শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে।