ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

দুবাইয়ে ফেরার জন্য মুখিয়ে আছেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২২
দুবাইয়ে ফেরার জন্য মুখিয়ে আছেন জকোভিচ
জকোভিচ- ফাইল ফটো

করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে বিরোধের জেরে নোভাক জকোভিচের খেলা হয়নি অস্ট্রেলিয়ান ওপেনে। গত মাসে বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের জন্য মেলবোর্নে গিয়েও অস্ট্রেলিয়ান সরকারের কোভিড-১৯ ভ্যাকসিন আইন পূর্ণ না করার কারণে কোর্টে না নেমেই দেশে ফিরে আসতে হয়েছিল বিশ্বের এক নম্বর তারকাকে। এরপর থেকে এখনো কোর্টের বাইরেই রয়েছেন।

দুবাই এক্সপোতে সার্বিয়ান প্যাভিলিয়ন পরিদর্শনে গিয়ে দর্শনার্থী বইয়ে কিছু লেখার অনুরোধ জানানো হয় জকোভিচকে। আগামী সপ্তাহে এটিপি দুবাই ওপেনে খেলার জন্য সেখানে পৌঁছে গিয়েছেন জকোভিচ। 

দুবাই এক্সপোতে গিয়ে জকোভিচ গণমাধ্যমের সামনে বলেছেন, সোমবার কোর্টে নামার জন্য মুখিয়ে আছি। আবারো কোর্টে ফিরতে পারাটা সত্যিই আনন্দের। এই সময়ের মধ্যে আমি টেনিসকে দারুণভাবে মিস করেছি। সব মিলিয়ে সময়টা মোটেই ভালো কাটেনি।

জকোভিচের অনুপস্থিতিতে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালন অস্ট্রেলিয়ান ওপেন জয় করে প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছেন। মেলবোর্নে নয়বারের চ্যাম্পিয়ন জকোভিচ এই রেকর্ড অর্জনের লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। 

বিশেষ মেডিকেল এক্সেমশন নিয়ে তিনি মেলবোর্নে গেলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ান সরকার তা প্রত্যাখান করে তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়। বিষয়টি আইন পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু তাতে সফল হননি জকোভিচ। পুরো বিষয়টি নিয়ে ক্রীড়া বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন>>> এক রানে হারার ব্যাখ্যা দিলেন সাকিব আল হাসান

সম্প্রতি বিবিসি স্পোর্টসকে জকোভিচ বলেছেন, তিনি ভ্যাকসিনের বিপক্ষে নন। কিন্তু এই বিষয়টাতে তিনি ইচ্ছা করেই মূল্য দিতে রাজী আছেন। ভ্যাকসিন না নিলে অস্ট্রেলিয়ান ওপেনের মতই আরো কয়েকটি টুর্নামেন্টে হয়তো বা জকোভিচের খেলা হবে না। কিন্তু তিনি সেই বিষয়টি মেনে নিয়েছেন। তারপরেও নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি ভ্যাকসিন নেবেন না।

দুবাই ওপেনের মাধ্যমে এ বছর প্রথমবারের মত কোর্টে নামতে যাচ্ছেন পাঁচবারের বিজয়ী জকোভিচ। এই টুর্নামেন্টে ব্রিটিশ তারকা এন্ডি মারেও খেলছেন। সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

সম্প্রতি ইংল্যান্ডেও কোভিড আইন শিথিল করা হয়েছে। ফ্রান্সেও বিধিনিষেধ তুলে নেয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সে কারণেই ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে জকোভিচের খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে। এই মুহূর্তে অবশ্য ইউএস ওপেন নিয়ে জকোভিচের কিছুটা সমস্যা হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র সফরের জন্য প্রত্যেককেই দুই ডোজ ভ্যাকসিন নেয়া থাকতে হবে। যুক্তরাষ্ট্রে আগামী ৭-২০ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট। এছাড়া ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত রয়েছে মিয়ামি ওপেন। দুটি টুর্নামেন্টেই খেলোয়াড় তালিকায় জকোভিচের নাম রয়েছে।

ইন্ডিয়ান ওয়েলস আয়োজকরা জানিয়েছে, টুর্নামেন্টে খেলতে হলে ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। কিন্তু সঙ্গে তারা যোগ করেছেন, জকোভিচের সঙ্গে আরো অন্যান্য শীর্ষ সারির খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ সাপেক্ষে এটিপি নির্ধারণ করবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!