ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাসকিন-শরিফুলের বোলিং তোপে চাপের মুখে প্রোটিয়ারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৯, ১৮ মার্চ ২০২২
তাসকিন-শরিফুলের বোলিং তোপে চাপের মুখে প্রোটিয়ারা
ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের বোলিং তোপে চাপের মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এ দুই পেসার প্রথম পাওয়ার প্লেতে তুলে নিয়েছেন তিন প্রোটিয়া ব্যাটারকে। এর মধ্যে তাসকিন এক ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে আরো একটি উইকেট তুলে নেন শরিফুল। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২৮.৩ ওভারে ৪ উইকেটে করেছেন ১২৮ রান।

সেঞ্চুরিয়নে বাংলাদেশের দেওয়া ৩১৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এদিন শুরুতে বল হাতে তুলে নেন ব্যাট হাতে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান। এ স্পিনার উইকেট না পেলেও দুই পেসার তাসকিন ও শরিফুল দুর্দান্ত বোলিংয়ে চাপে রেখেছে প্রোটিয়ানদের।

ইনিংসের পঞ্চম ওভারেই শরিফুল ফেরান জানেমান মালানকে। তার শর্ট অব লেন্থের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ বলে ৪ রান করা মালান। শরিফুলের পর তাসকিন ইনিংসের নবম ওভারে তুলে নেন আরো দুই উইকেট।

Advertisement

২৫ বলে ২১ রান করা কাইল ভেরেইনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। এর তিন বল পরে অ্যাইডেন মার্করামকে মিরাজের ক্যাচে পরিণত করেন। চারে নামা মার্করাম রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

প্রোটিয়াদের বিপক্ষে তিন টাইগার ব্যাটার ফিফটির দেখা পেয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তিনে নামা সাকিব। ৬৪ বলে ৭টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৭ রান করেন তিনি। এটা ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটি।

সাকিবের সঙ্গে ইয়াসির আলী ৮২ বলে ১১৫ রানের জুটি গড়েন। এই ব্যাটার করেন ৪৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫০ রান। ফিফটি পেয়েছেন ওপেনার লিটনও। এই ব্যাটার ৬৭ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৫০ রান। অধিনায়ক তামিম ৬৭ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৪১ রান। উদ্বোধনী জুটিতে তামিম ও লিটন ৯৫ রান তোলেন। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সর্বোচ্চ ওপেনিং জুটি।

এছাড়া মাহমুদউল্লাহ ১৭ বলে ২৫, মিরাজ ১৩ বলে ১৯ ও আফিফ ১৩ বলে ১৭ রান করেন। বল হাতে প্রোটিয়াদের মার্কো জানসেন ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!