শনিবার নিজেদের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে উলভসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকরা ছিল বেশ বিবর্ণ। সফরকারীরা যেখানে শুরুর ৪৫ মিনিটে টটেনহ্যাম গোলমুখে নিয়েছে ১২টা শট, সেখানে কেনদের শট ছিল মাত্র একটা।
তবে বিরতির পরই সফরকারী উলভারহ্যাম্পটন দেখে অন্য এক টটেনহ্যামকে। ম্যাচের ৬৪ মিনিটে হ্যারি কেনের করা গোলটাই স্পার্সদের জয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইভান পেরিসিচের নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে অধিনায়ক দলকে পাইয়ে দেন পরম আরাধ্য গোলের দেখা।
.png)
দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম যে গোল একটার বেশি পায়নি, এর জন্য ভাগ্যেরও দায় আছে কিছুটা। কেন আর সনের দুটো শট যে রুখে দিয়েছিল ক্রসবার! তবে শেষ পর্যন্ত জয় তাদেরই। অন্যদিকে শেষ ১০ ম্যাচ ধরে প্রিমিয়ার লিগে জয়ের দেখা না পাওয়া উলভসদের অপেক্ষাটা বাড়ে আরো একটু।
কেনের এই গোলের পর প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে তার গোলের সংখ্যা দাঁড়াল ১৮৫-এ। যার ফলে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন তিনি। এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছিল সার্জিও অ্যাগুয়েরোর। ম্যানচেস্টার সিটির হয়ে ১৮৪ গোল নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন তিনি।
এর মাঝে শেষ দুটো এসেছিল আবার অ্যাগুয়েরোর শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে। ১৮৩ গোল নিয়ে এই তালিকার তিনে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি।
এই ম্যাচে টটেনহ্যামও ছুঁয়েছে মাইলফলক। কেনের এই গোল ছিল প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে দলটির ১০০০তম গোল।