টটেনহ্যামকে হারিয়ে চমকে দিল স্পোর্টিং
ইনজুরি টাইমের দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার টটেনহ্যাম হটস্পারকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে স্পোর্টিং লিসবন। এর মাধ্যমে স্পার্সদের বড়সড় ধাক্কায় দিয়েছে দলটি।
দুই বদলী খেলোয়াড় পলিনহো ও আর্থার গোমেজের গোলে পর্তুগিজ জায়ান্টদের জয় নিশ্চিত হয়। এর আগে ছয়বার একে অপরের মুখোমুখি হলেও প্রতিবারই হেরেছিল স্পোর্টিং। অবশেষে সপ্তমবারের প্রচেষ্টায় কোন ইংলিশ ক্লাবের বিপক্ষে জয় ছিনিয়ে নিল দলটি।
ঘরের মাঠ স্তাদিও হোসে আলভালাদেতে ইংলিম জায়ান্টদের আতিথ্য দিয়েছিল স্পোর্টিং। পুরো ম্যাচেই স্পার্সরা বেশ কিছু সুযোগ তৈরী করেছে। কিন্তু ৯০ মিনিটে কর্ণার থেকে দারুণ এক হেডে ডেডলক ভাঙ্গেন স্ট্রাইকার পলিনহো।
.png)
এই গোলের পর বদলী হিসেবে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোমেজ ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। দেখে মনে হয়েছে এই গোল করার জন্যই যেন তাকে মাঠে নামিয়েছিলেন স্পোর্টিং বস রুবেন আমোরিম।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি’র শীর্ষস্থান দখল করেছে স্পোর্টিং। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম।