মেসি-এমবাপে নৈপুণ্যে পিএসজির বড় জয়
লিগ ওয়ানে জয়ের ধারায় ছুটিয়েই চলছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের নৈপুণ্যে তারা এবার ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আরেক দল অ্যাজাকসিও'কে।
শুক্রবার রাতে এমবাপের জোড়া গোল ও মেসির এক গোলে অ্যাজাকসিও'কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করলো তারা। চলতি মৌসুমে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লরিয়েঁর।
খেলার শুরু থেকেই অ্যাজাকসিওকে চেপে ধরে চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের ১৩ মিনিটে ভালো একটি সু্যোগ পেয়েছিল তারা। তবে মেসির দারুণ ফ্রি কিকটি আটকে দেন অ্যাজাকসিওর বেনজামিন লেরয়। এর ঠিক ১১ মিনিট পরই এগিয়ে যায় সফরকারীরা।
ম্যাচের ২৪তম মিনিটের মাথায় মেসির থ্রু বলে ধরে ডি বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান এমবাপে। আরো কয়েকটি ভালো সুযোগ পাওয়ার পরও গোলের দেখা পায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।
বিরতির পর নবাগত দলটির ওপর সাড়াশি আক্রমণ চালায় পিএসজি । ম্যাচের ৭৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের দেখা পায় তারা। এমবাপের সঙ্গে ওয়ান টু খেলে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর প্লেসিং শটে অ্যাজাকসিওর গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
মেসির গোলের তিন মিনিট পরই নিজের দ্বিতীয় করেন এমবাপে। বক্সের একটু বাইরে থেকে মেসি বল বাড়ান এমবাপেকে, সেটা কোনোরকম আয়ত্বে নিয়েই ফরাসি তারকা পোস্টের বা পাশ লক্ষ্য করে শট নেন। তাতেই ব্যবধান হয়ে দাঁড়ায় ৩-০।
এ জয়ে লিগ ওয়ানে টানা ২১ ম্যাচে অপরাজিত রইল পিএসজি। এর আগে সবশেষ ২০১৮ সালে মে থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা।