রোববার (৯ এপ্রিল) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের দারুণ ব্যাটিংয়ে ১৭ ওভার ১ বলেই জয় পায় হায়দরাবাদ।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় পাঞ্জাব। প্রথম বলেই প্রাবসিমরান সিংয়ের উইকেট হারায় তারা। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক শিখর ধাওয়ান। লড়তে থাকা ধাওয়ান ফিফটি পূরণ করেন ৪২ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন পাঞ্জাব অধিনায়ক। ৫ ছক্কা ও ১২ চারে ৯৯ রান করেন ধাওয়ান। এছাড়া স্যাম কারেনের ব্যাট থেকে আসে ২২ রান।
.png)
পাঞ্জাবের দেয়া ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগারওয়াল। ব্রুক ১৩ রান করে আউট হলে মায়াঙ্কও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি। ২১ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনিও। এই দুই ব্যাটারের বিদায়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি হায়দরাবাদকে।
ত্রিপাঠি ও মার্করামের শতরানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন ত্রিপাঠি। মার্করাম করেন ২১ বলে অপরাজিত ৩৭ রান। পাঞ্জাবের পক্ষে একটি করে উইকেট নেন আর্শদীপ সিং ও রাহুল চাহার।