ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির কাছ থেকে বিশেষ পুরস্কার পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ১২ এপ্রিল ২০২৩
আইসিসির কাছ থেকে বিশেষ পুরস্কার পেলেন সাকিব
সাকিব আল হাসান

ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল মাসজুড়ে বাইশগজে আলো ছড়িয়েছেন তিনি। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-২০তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক রেকর্ড। এবার অসাধারণ সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন টাইগার অলরাউন্ডার।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ জিতেছেন সাকিব। মার্চ মাসের সেরা হতে বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে। 

গেল মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন তিনি।

Advertisement

ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।  

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে হয়েছেন টি-২০তে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।

গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের। দ্বিতীয়বারের মতো মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।

মার্চ মাসজুড়ে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন। তবে সেরার কাতারে রাখছেন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজকে। দলগত নৈপুণ্যে এমন সাফল্য এসেছে বলে মনে করেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!