ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
এল ক্ল্যাসিকো

রিয়ালকে পাত্তাই দিলো না বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ৩০ জুলাই ২০২৩
রিয়ালকে পাত্তাই দিলো না বার্সা
ছবি- সংগৃহীত

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের ৩-০ ব্যবধানে হারিয়েছে কাতালুনিয়ানরা। অবশ্য একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা।

রোববার যুক্তরাষ্ট্রের ডালাসের এটি এন্ড টি স্টেডিয়ামে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। প্রীতি ম্যাচ হলেও এটি ছিল মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। ফলে ম্যাচটি ঘিরে রোমাঞ্চ আর উত্তেজনার কমতি ছিল না। প্রতিদ্বন্দ্বিতা, স্নায়ুচাপ ও দারুণ গোল সবই দেখেছে গ্যালারিতে থাকা ৭০ হাজারের বেশি দর্শক।

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বার্সার প্রথম জয়ের বিপরীতে রিয়াল মাদ্রিদের প্রথম হার। যেখানে শুরু থেকেই কাতালুনিয়ান জায়ান্টরা এগিয়ে যেতে পারতো। ম্যাচের ৫ মিনিটে ওরিয়ল রোমেউর শট ক্রসবারে লেগে ফেরে। এর দশ মিনিট পর অবশ্য ঠিকই লিড নেয় জাভির দল। ওসমানে দেম্বেলের কোনাকুনি শট জালের দেখা পায়।

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিলো রিয়াল মাদ্রিদেরও। প্রথমার্ধে সমতায় ফিরতে পারতো লস ব্ল্যাঙ্কোসরা। তবে পেনাল্টি মিস করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এমনকি প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। আরো একবার ভিনিসিয়ুসের শট বারপোস্টে লেগে ফেরে। আর রদ্রিগোর শটে বাধার দেয়াল কাতালান গোলরক্ষক টের স্টেগেন।

বিরতি থেকে ফিরে সমানে সমান লড়াই চলে দু’দলের। তবে ভাগ্য সহায় ছিল না আনচেলত্তি শিষ্যদের। চুয়াওমেনির শটও ফেরে ক্রসবারের লেগে। পরের গল্পটা বার্সার একাডেমি লা মেসিয়া থেকে উঠে আসা ফেরমিন লোপেজের। ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন ২০ বছর বয়সী এ তরুণ। ইনজুরি সময়ে ফেরান তোরেসের গোলেও অবদান রাখেন লোপেজ। এতে ৩-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়েন জাভির শিষ্যরা।

প্রসঙ্গত, প্রাক মৌসুম প্রস্তুতির পরের ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ইতালি জায়ান্ট এসি মিলান। আর আরেক তুরিনের বুড়ি জুভেন্টাসের সঙ্গে লড়বে রিয়াল মাদ্রিদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!