সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মঈন আলি। কিন্তু বন্ধু স্টোকসের এক মেসেজেই মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ দিয়ে আবারো বাইশ গজে ফিরেছিলেন তিনি। তবে রোমাঞ্চকর অ্যাশেজ শেষে আবারো অবসরের ঘোষণা দিয়েছেন এ অলরাউন্ডার।
ওভালে প্রায় নাগালের বাইরে যাওয়া ম্যাচটা ইংলিশদের কাছে ফিরিয়ে এনেছেন মঈন আলিই। অজি ব্যাটার ট্রাভিস হেড এবং মিচেল মার্শের গুরুত্বপূর্ণ উইকেটের পর প্যাট কামিন্সকেও ফিরিয়ে দিয়েছিলেন এই স্পিনার। আর এখানেই নিজের ইতি দেখতে চান বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার।
.png)
তিনি বলেন, ‘স্টোকসি (স্টোকস) যদি আমায় আবার মেসেজ করে, আমি ওটা ডিলিট করব। এটাই আমার শেষ। আমি আসলেই উপভোগ করেছি আর এভাবে শেষ করার অনুভূতি দারুণ।’
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে মঈন জানালেন নিজের আক্ষেপ মোচনের কথাও, ‘দারুণ অনুভূতি। ফিরে আসাটা কিছুটা ভয়ের ছিল, কারণ আমি কখনই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলিনি। স্টোকস যখন আমায় জিজ্ঞেস করল, আমি এটাই ভাবছিলাম, কেন চেষ্টা করব না? আমি দারুণ একটা দলে যোগ দিচ্ছি আর বিশ্বাস করি, আমি এখনো নিজের কাজ ঠিকভাবেই করতে পারব।’
মঈন আলি ঠিকভাবেই নিজের কাজটা করেছেন। হেডিংলি টেস্টে দলের প্রয়োজনে তিন নাম্বারে ব্যাট করতে নেমে খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। চার টেস্টে ২৫.৭১ গড়ে করেছেন ১৮০ রান। আর সেই সাথে নিয়েছেন ৯ উইকেট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেল করেছেন ওভালের শেষ টেস্টে।
সিরিজ শেষে মঈন শোনালেন নিজের সন্তুষ্টির কথাও, ‘আমি সন্তুষ্ট যে, আমি অস্ট্রেলিয়ার সাথে জয় দিয়ে শেষ করেছি আর কিছুটা সাহায্য করেছি দলকে। আমার সময়টা ভালো কেটেছে আর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা এবং দেশের সবার প্রতিনিধিত্ব করতে পারা আমি দারুণ উপভোগ করেছি।’