এবার এশিয়াডে অনন্য রেকর্ড গড়েছে নেপাল। স্বীকৃত টি-২০তে প্রথম কোনো দেশ হিসেবে ৩০০ রানের রেকর্ড গড়েছে দেশটি।
বুধবার এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামে নেপাল। এ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে নেপাল। যে রেকর্ড আর কোনো দলের নেই।
.png)
এর আগের সর্বোচ্চ ২৭৮ রানের কীর্তি ছিল আফগানিস্তানের দখলে। সেই রেকর্ড গুঁড়িয়ে নতুন মাইলফলক গড়লো নেপাল।
শুধু দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডেই শেষ হয়নি নেপালের কীর্তি, রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানের জয়টিও পেয়েছে তারা। প্রতিপক্ষ মঙ্গোলিয়াকে মাত্র ৪১ রানে অলআউট করে ২৭৩ রানের জয় পেয়েছে নেপাল। সব মিলিয়ে আগের রেকর্ডটি ছিল চেক প্রজাতন্ত্রের, ২৫৭ রানের।
দলীয় রেকর্ড গড়তে যারা অবদান রেখেছেন তাদের কীর্তিও কম নয়। টি-২০ দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির দুই রেকর্ডই এখন নেপালের ব্যাটারদের দখলে।
নিজেদের ইনিংসের তৃতীয় ব্যাটার হিসেবে ব্যাটিং করতে নেমে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কুশল মল্ল। ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার বিধ্বংসী ইনিংসটি শেষ পর্যন্ত থেমেছে ৫০ বলে ১৩৭ রানে। ইনিংসটি সাজিয়েছিলেন ৮ চার ও ১২ ছক্কায়। দেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।
এতে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে যেমন পেছনে ফেলেছেন কুশল, তেমনি তার সতীর্থ দীপেন্দ্র সিং ভারতের সাবেক ব্যাটার যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙেছেন। এত দিন ১২ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের মালিক ছিলেন যুবরাজ। এবার তাকে পেছনে ফেলে রেকর্ড গড়েছেন আরেক সিং দীপেন্দ্র।
৯ বলে ফিফটি করেছেন দীপেন্দ্র। ৫২০ স্ট্রাইকরেটে ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে কোনো চার না থাকলেও ছক্কা মারেন ৮টি।